গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসচালক নিহত, আহত ৫০

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসচালক নিহত, আহত ৫০
গোপালগঞ্জ সদর উপজেলার সোনাপুর এলাকায়। সোমবার দুপুর দেড়টার দিকে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এক অজ্ঞাতনামা মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সোনাপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের যাত্রীসহ অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছেন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘কোটালীপাড়া এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সোনাপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মাইক্রোবাসের পেছনে থাকা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায় এবং মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক প্রাণ হারান।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, ‘স্থানীয়দের সঙ্গে নিয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করি। মাইক্রোবাসের চালক ঘটনাস্থলে মারা যান।’

দুর্ঘটনার পর পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাস ও মাইক্রোবাস থেকে আহত অন্তত ৫০ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে গুরুতর আহত ব্যক্তিদের দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ঈদের ছুটির কারণে গাড়ির বাড়তি চাপ থাকায় মুহূর্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখী মানুষ। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নিলে বিকাল ৩টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad