জমি সংক্রান্ত বিরোধে ভাতিজাদের মারধরে চাচী নিহতের অভিযোগ

জমি সংক্রান্ত বিরোধে ভাতিজাদের মারধরে চাচী নিহতের অভিযোগ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় আদালত বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী দক্ষিণপাড়া হাজী বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত আদালত বেগম ওই এলাকার রেজ্জাক মিয়ার স্ত্রী। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী দক্ষিণ পাড়া হাজী বাড়িতে রেজ্জাক মিয়া, আব্দুল খালেক ও আব্দুর রশীদ এই তিন ভাইয়ের ৯ শতাংশ জমি রয়েছে। সমান বণ্টন অনুযায়ী তিন ভাই ৩ শতাংশ করে জমি পাবেন। কিন্তু আব্দুল খালেক ও আব্দুর রশীদ মিয়ার ছেলেরা জমি সমানভাবে বণ্টন না করে জবর দখল করে রেখেছে। সেই সম্পত্তি রেজ্জাক মিয়ার পরিবার দাবি করলে তাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে।

বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের বাড়িতে পুলিশ যায়। পুলিশ চলে যাওয়ার পর বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে আদালত বেগমের সঙ্গে তার দেবরের ছেলে শামসুল আমিন, সাইফুল মিয়াসহ কয়েকজনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

আরও পড়ুন

এসময় মারধরে আহত হয়ে আদালত বেগম দৌড়ে গিয়ে বাড়ির পাশে একটি মসজিদের সামনে মোনাজাত ধরে আল্লাহর কাছে বিচার প্রার্থনা করেন। পরক্ষণেই তিনি সেখানে অসুস্থ হয়ে মারা যান।

আদালত বেগমের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে মারধরের পর মসজিদের সামনে আদালত বেগমের মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এবিষয়ে নিহতের ছেলে শাহিন মিয়া বলেন, ঘটনার সময় আমিসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলাম না। খবর পেয়ে এসে দেখি ও শুনতে পাই আমার মাকে চাচাতো ভাইয়েরা হত্যা করেছে।

এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে তাদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তাদের মুঠোফোনগুলো বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, জমি নিয়ে নিহত আদালত বেগমের সঙ্গে তার দেবরের ছেলেদের দ্বন্দ্ব ছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad