রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর ফুয়াদ চৌধুরী রোহান (২১) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি বাগানের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, সোমবার বিকাল ৩টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রোহান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিহত ফুয়াদ চৌধুরী রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি সদর উপজেলার দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রোকনউদ্দিন চৌধুরীর নাতি ।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, বিকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে একটি বাগানের পাশের ডোবা থেকে রোহানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠ তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।


