রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবস্থানের কারণে শিক্ষা ভবন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর খসড়া চূড়ান্ত করে দ্রুত অধ্যাদেশ জারির দাবি শিক্ষার্থীদের। তারা বলছেন, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না।
এদিকে এই কর্মসূচি ঘিরে সচিবালয় অভিমুখে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ফলে ওই পথে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে এলাকা ঘিরে দেখা দেয় যানজট ও দুর্ভোগ। বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালগামী দর্শনার্থীদের বেশি দুর্ভোগ পোহাতে হয়।

সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন।
অবস্থান কর্মসূচী চলার সময় অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও দলে দলে মিছিলে অংশ নিতে শুরু করে। এ সময় শিক্ষার্থীরা ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না’, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’, এমন নানা শ্লোগান দেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, খসড়া অধ্যাদেশের বিষয়ে ছয় হাজারের বেশি মতামত পাওয়া গেছে। যা এখন সংকলন ও বিশ্লেষণের কাজ চলছে। শিগগিরই শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট সুশীল সমাজের প্রতিনিধিসহ অংশীজনের সঙ্গে ধারাবাহিক পরামর্শ সভা করা হবে।

এ বছর ২৬ মার্চ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় চূড়ান্ত করার আগেই অধিভুক্তি বাতিল করায় পরিস্থিতি আরও জটিল হয়।
বর্তমানে ঢাকা কলেজের অধ্যক্ষকে প্রশাসক করে অন্তর্বর্তীব্যবস্থায় সাত কলেজের কার্যক্রম চলায় নতুন করে সংকটের মুখে পড়েছে কলেজগুলো।


