রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে গুলি, নারীসহ আহত ২

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে গুলি, নারীসহ আহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর পল্লবীতে অস্ত্রধারীদের গুলিতে এক নারীসহ দুইজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পল্লবীর মিল্লাত ক্যাম্প ২ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশীর টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে একজন হলেন আলমগীর। তিনি যুবদলের কর্মী বলে জানা গেছে। গুলিবিদ্ধ পথচারী নারীর নাম রাজিয়া।

আহত আলমগীরের স্বজনরা জানান, প্রাইভেট কারযোগে চার অস্ত্রধারী এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে আলমগীর মাথা ও শরীরে গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহতের ভাই জাহাঙ্গীর জানান, আলমগীর ঢাকার নবাবগঞ্জ এলাকায় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তিনি পরিবার নিয়ে মিরপুর-১১ নম্বর সেকশন এলাকায় বসবাস করেন। পাশাপাশি মাছ ব্যবসা করেন।

আরও পড়ুন

স্বজনদের প্রাথমিক ধারণা, রাজনৈতিক কোনো বিরোধের জেরে তাকে লক্ষ্য করে গুলি করা হয়ে থাকতে পারে। তবে হামলাকারীদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কিছু জানা যায়নি।

ওসি হাসান জানান, অস্ত্রধারীরা ওই এলাকায় তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে আলমগীর গুলিবিদ্ধ হন। এ সময় রাস্তা পার হওয়ার সময় রাজিয়াও গুলিবিদ্ধ হন।

তিনি জানান, আহতদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, আলমগীর গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad