রাজধানী ঢাকায় মাদক কারবারীদের গুলিতে মাদকদ্রব্য অধিদপ্তরের এক ইন্সপেক্টর আহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে সায়দাবাদ বাস টার্মিনালের পিছনে এ ঘটনা ঘটে। আহত ইন্সপেক্টরের নাম ছিদ্দিকুর রহমান (৪০)। তিনি খিলগাঁও জোনে কর্মরত।
মাদকদ্রব্য অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান বলেন, ছিদ্দিকুর রহমানসহ তাদের কয়েকটি ইউনিট সোমবার মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষ করে তারা সায়দাবাদ এলাকায় যান।
সায়দাবাদ বাস টার্মিনালের পিছনে রেললাইনের পাশে কয়েকজন মাদক কারবারীকে সনাক্ত করে তাদের একজনকে ধরে ফেলেন ছিদ্দিকুর। এ সময় ওই সন্ত্রাসী তার পকেটে থাকা পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি চালালে, একটি গুলি ছিদ্দিকুরের বাম পায়ের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়।
এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। মাসুম নামে এক মাদক কারবারী এই গুলি করেছে বলেও জানান সংস্থাটির এ কর্মকর্তা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আহতের বাম পায়ে গুলি লেগেছে। তবে গুলিটি পায়ের অন্য পাশ দিয়ে বেরিয়ে যাওয়ায় তিনি এখন আশঙ্কামুক্ত।


