ময়মনসিংহে ট্রাকচাপায় রিপন মিয়া (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ময়মনসিংহ জেলার ঈশরগঞ্জ উপজেলার মগটুলা গ্রামের তাহের উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, এদিন দুপুরে রিপন মিয়া মোটরসাইকেলে ময়মনসিংহ থেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ঈশ্বরগঞ্জের চরপাড়ায় যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের সাহেব কাচারী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রিপন মিয়া মারা যান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


