রাজধানীর দুই সিটি করপোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানিয়েছেন।
আমিনবাজার ও মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প দুটি এগিয়ে নিতে স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
আমিনবাজার প্রকল্পে চীনের সিএমইসি গ্রুপ কাজ করবে। প্রতিদিন প্রায় ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৮ সালের আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে আগামী ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
মাতুয়াইল প্রকল্পে কোরিয়ার বি অ্যান্ড এফ কোম্পানি কাজ করবে। বছরে বর্জ্য থেকে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদিত হবে। তা থেকে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ মিলবে। এই পরিমাণ দৈনিক প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুতের সমতুল্য। এছাড়া প্রকল্পটি থেকে সৌরবিদ্যুৎ, সার, পশুখাদ্য ও পরিবেশবান্ধব ইকো-ব্রিকস তৈরি করা হবে।
বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


