উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব শহরের উপকণ্ঠে গোলাবারুদের একটি ডিপোতে বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার বরাত দিয়ে একথা জানিয়েছে আল জাজিরা। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সানা জানায়, বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছে।
তবে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, অসিরীয় যোদ্ধাদের একটি ঘাঁটিতে থাকা অস্ত্রের ডিপোতে এই বিস্ফোরণ ঘটেছে। যেখানে অন্তত ছয়জন নিয়ত হয়েছে। যার মধ্যে দুটি শিশুও রয়েছে। এছাড়া আহতের সংখ্যা আট বলে জানিয়েছে সংস্থাটি।
সিরিয়ার জরুরি অবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ নিজের এক্স হ্যান্ডলেও দুটি শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে গ্রামীণ এলাকার একটি ভবনের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
উত্তর-পশ্চিম ইদলিব অঞ্চলটি দীর্ঘদিন ধরে হায়াত তাহরির আল-শামের নেতৃত্বাধীন ছিল। এই গোষ্ঠীটিই ডিসেম্বরে সিরিয়ার শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য আক্রমণ চালিয়েছিল।
এলাকাটি যুদ্ধের সময় বিদেশি যোদ্ধাসহ বিদ্রোহী গোষ্ঠীগুলোর ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিছু বিদেশি যোদ্ধার দল এখনও এই অঞ্চলে ঘাঁটি গেড়ে আছে বলে জানিয়েছে আল জাজিরা।


