এবি (আমার বাংলাদেশ) পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছে এবি পার্টি পেশাজীবী পরিষদ। গত রোববার বরিশালের মীরগঞ্জে নির্বাচনি প্রচারের সময় হামলার শিকার হন ব্যারিস্টার ফুয়াদ ও তার সমর্থকরা।
পেশাজীবী পরিষদ এক বিবৃতিতে জানায়, এই হামলা নিঃসন্দেহে চরম লজ্জার বিষয়। হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
রোববার নিজের নির্বাচনি এলাকায় রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে অংশ নেন আসাদুজ্জামান ফুয়াদ।
সে সময় তিনি অভিযোগ করেন, স্থানীয় চাঁদবাজদের কারণে সেতুর নির্মাণ কাজ বিলম্বিত হয়েছে। এর পরপরই তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় স্থানীয় জনতা।
এছাড়া ব্যারিস্টার ফুয়াদকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।


