ম্যাচের প্রথমার্ধে ঘানার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে দারুণ আক্রমণ শানিয়ে সমতায় ফেরে ঘানা। গ্রুপ রানার্সআপ হয়ে রাউন্ড অব ৩২-এ যাওয়ার স্বপ্ন যখন দেখছিল আফ্রিকার দেশটি, তখন দারুণ এক হেডারে ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত করলেন নিকোলা ভ্লাসিচ।
ফিফা বিশ্বকাপে রোববার বাংলাদেশ সময় ভোর ৩টায় শুরু হওয়া ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। একই সময়ে ‘এল’ গ্রুপের অন্য ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ৩ ম্যাচে দুই জয় এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে থ্রি লায়ন্সরা।
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ক্রোয়েশিয়া। ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ঘানা। তবে গ্রুপের তিন নম্বরে থাকা সেরা দলগুলোর অন্যতম হয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। আর ৩ ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে শূন্য হাতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল পানামা।
বল দখলের লড়াইয়ে ক্রোয়েশিয়ার সঙ্গে সমানে সমান লড়াই করেছে ঘানা। ম্যাচের ৫৩ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল ক্রোয়েশিয়া, তারা গোলমুখে শট নেয় ৮টি, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে পুরো ম্যাচে ঘানা শট নিতে পেরেছিল ৬টি, যার মধ্যে মাত্র ১টি ছিল লক্ষ্যে।
জিলেট স্টেডিয়ামে ম্যাচের ৩১ মিনিটে পেতার সুচিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ডি বক্সের বাইরে থেকে তার নেওয়া জোরালো শট ঘানার গোলকিপার ডাইভ দিয়েও আটকাতে পারেননি।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়েশিয়া। প্রথমার্ধে গোলমুখে শট নিলেও সেটি লক্ষ্যে রাখতে পারেনি ঘানা।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ঘানা। ৪৯ মিনিটে দারুণ এক ক্রস থেকে মাথা ছোঁয়াতে পারেননি আনতোয়ান সেমেনিও। ৫৫ মিনিটে ঘানার চমৎকার এক দলীয় আক্রমণ ডি বক্স থেকে ক্লিয়ার করেন লুকা মদরিচ।
ম্যাচের ৭৩ মিনিটে সমতায় ফেরে ঘানা। ফ্রি-কিক থেকে আর্নেস্ট নুয়ামার শট দারুণ এক ভলিতে জালে জড়ান ডেরিক লুকাশেন। দীর্ঘ ভিএআর যাচাইয়ের পর গোলটি বৈধ ঘোষণা করেন রেফারি।
৮৩ মিনিটে আবারও এগিয়ে যায় ক্রোয়েশিয়া। লুকা মদরিচের কর্নার থেকে নিকোলা ভ্লাসিচের দারুণ হেডার পোস্টে লেগে জালে জড়ায়।
যোগ করা সময়ের শেষ মিনিটে আব্দুল ফাতাউর শট গোলপোস্টের ওপর দিয়ে গেলে জয়ের আনন্দে মাতে ক্রোয়েশিয়া।


