সাভারের একটি ভাড়া বাসায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমীন জাহানকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী ও ঢাকা কলেজের শিক্ষার্থী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার ফাহিমকে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত চলমান থাকায় তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৫ মার্চ দুপুরে সাভারের ইসলামনগর এলাকায় একটি বাসা থেকে লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমীন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একই দিন নিহতের চাচা মনিরুল ইসলাম আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরদিন রাতেই অভিযুক্ত ফাহিমকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে ২৪ মার্চ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।


