খুলনার লবণচরা থানায় আলোচিত মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রোববার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বর্নি দক্ষিণপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো. ফারুক ও মাসুদুল ইসলাম কদর।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় নগরীর লবণচরা থানার হরিণটানা এলাকার বালুর মাঠে মঞ্জুরুল নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর পরপরই রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকা থেকে নাজমুল নামের আরেক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হয়, মঞ্জুরুলকে হত্যার বদলা নিতেই নাজমুলকে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। দুটি হত্যার ঘটনায় সংশ্লিষ্ট থানায় আলাদা দুটি মামলা করা হয়।
সেই মামলার জেরে উন্নত প্রযুক্তির সাহায্যে র্যাব মো. ফারুক ও মাসুদুল ইসলাম কদরকে গোপালগঞ্জের বর্নি দক্ষিণপাড়া থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিতে আসামিদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।


