বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি (টিএমইউ) সম্প্রতি একাডেমিক ও গবেষণা সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
সম্প্রতি চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য এ বি এম বদরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং অনুষদের ডিন সায়ের গফুর, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এম আবদুল জলিল, প্রো-ভিসি এ হাসিব চৌধুরী এবং আর্কিটেকচার বিভাগের অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ।
চুক্তির আওতায় যৌথ স্নাতক ও স্নাতকোত্তর একাডেমিক প্রোগ্রাম, ভিজিটিং গবেষণা শিক্ষার্থীদের তত্ত্বাবধান, প্রকল্পভিত্তিক যৌথ কার্যক্রম, সম্মেলন, সেমিনার ও একাডেমিক আয়োজন, একাডেমিক স্টাফ বিনিময় এবং গবেষণা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা হবে।
বুয়েট প্রকৌশল, স্থাপত্য, পরিকল্পনা ও প্রযুক্তি শিক্ষায় বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। অন্যদিকে কানাডার টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি উদ্ভাবনী ও গবেষণাভিত্তিক নগর শিক্ষা পরিবেশের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত।
বুয়েটের পক্ষ থেকে এ সহযোগিতা প্রতিষ্ঠার উদ্যোগ নেন আর্কিটেকচার বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ। টিএমইউয়ের পক্ষ থেকে উদ্যোগ নেন লিসা ল্যান্ডরাম এবং ডিন আহমেদ আবদেলরাহমান।
এ সহযোগিতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকরা একাডেমিক বিনিময়, আন্তঃবিষয়ক গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।


