জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (এসএমইউসিটি)-এর ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ৪৪তম ব্যাচের ‘গ্র্যাজুয়েশন ফ্যাশন শো’।
উত্তরার বিজিএমইএ কমপ্লেক্স অডিটোরিয়ামে শনিবার এই ফ্যাশন শোর আয়োজন করা হয়। এবারের থিম ছিল “এভরি স্টিচ টেলস আওয়ার স্টোরি”। অনুষ্ঠানে শিক্ষার্থীরা পোশাকের চমৎকার নকশায় নিজেদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা ও আধুনিক ফ্যাশন ভাবনা ফুটিয়ে তোলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, প্রখ্যাত ডিজাইনার ও গবেষক চন্দ্রশেখর সাহা, অনুষদের ডিন অধ্যাপক শিশির ভট্টাচার্য এবং ফ্যাশন ডিজাইন বিভাগের প্রধান আফরোজা হক ডেইজি।
এবারের ফ্যাশন শো’তে পাঁচটি ভিন্ন থিমের পোশাক প্রদর্শন করা হয়। এগুলো হলো ‘দ্য আরবান গ্রেস’ (স্মার্ট ক্যাজুয়াল), ‘থ্রেডস অব হেরিটেজ’ (ঐতিহ্যবাহী পোশাক), ‘স্ট্রিট সিম্ফনি’ (স্ট্রিটওয়্যার), ‘মুনলিট এলিগ্যান্স’ (সন্ধ্যার পোশাক) এবং ‘ইটারনাল ব্লুম’ (উৎসব ও বিয়ের পোশাক)। আধুনিক ডিজাইনের সঙ্গে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে তৈরি এই পোশাকগুলো দর্শকদের মুগ্ধ করে।
নতুন ডিজাইনারদের তৈরি করা পোশাকের জমকালো র্যাম্প মডেলিং বা ক্যাটওয়াক ছিল এই আয়োজনের মূল আকর্ষণ। এছাড়া অনুষ্ঠানে নতুন ডিজাইনারদের পরিচয় করানোর পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা প্রদান করা হয়।


