নওগাঁর পোরশা উপজেলায় সাপের কামড়ে মেহেদী হাসান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে মেহেদী হাসান বাড়ির পাশে গোয়ালঘরে গরুর জন্য মশারি টাঙাতে যান। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাকে সাপে কামড়ানোর ভ্যাকসিন দেওয়া হয়।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মেহেদী হাসান পোরশা উপজেলার নিতপুর মাস্টারপাড়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তিনি মাস্টারপাড়া এলাকার ট্রাক্টর চালক জসীম উদ্দিনের ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সাপের কামড়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।


