পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বিশেষ আদালতে শিশু রামিসা হত্যার বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ঈদের ছুটির মধ্যেও ওই আদালতের কার্যক্রম চলবে।
রোববার সকালে সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। আজ মামলার চার্জশিট দেওয়া হয়েছে। বিশেষ আদালতে তাদের বিচার হবে এবং ছুটির সময়ও আদালত চলবে।’
আগামীতে দেশের মুদ্রায় ছবিতে পরিবর্তন আসবে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বীরশ্রেষ্ঠদের ছবি থাকবে অধিকাংশ মুদ্রায়। পাসপোর্টের ভেতরে থাকা ছবিতেও পরিবর্তন আসবে। দেশের প্রকৃতি এবং ইতিহাস-ঐতিহ্যের চিত্র সেখানে তুলে ধরা হবে।’
মন্ত্রী আরও জানান, অনলাইন জুয়া ব্যাটিং এর ব্যাপারে সরকার বিশেষ আইন করতে যাচ্ছে। মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্যও ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।


