ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। রোববার বিকালে হল থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, অর্ক প্রায়ই হলে আসতেন। রোববার তিনি হলের একটি ক্যানটিনে খাবার খাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা তাকে আটক করে। পরবর্তীতে হল প্রশাসন এবং প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগের পদধারী কারও নামেই হলে সিট বরাদ্দ নেই, তাদের সবার সিট আগেই বাতিল করা হয়েছে। সে (অর্ক রায়) মাঝে মাঝে হলে যাতায়াত করত বলে জানা গেছে। আজ তাকে দেখতে পেয়েই শিক্ষার্থীরা আটক করে।
তিনি আরও বলেন, হলে এ ধরনের আরও কেউ অবৈধভাবে অবস্থান করছে কি না, সে বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার আইনগত শাস্তির বিষয়টি এখন সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।
ঘটনার বিষয়ে জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে অর্ক রায় রাতে হলে লুকিয়ে অবস্থান করছিলেন। আজ তাকে দেখতে পেয়ে আটক করেন তারা। সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি জড়িত থাকতে পারে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘তিনি এখন থানা হেফাজতেই আছেন। আমরা এ বিষয়ে সিনিয়রদের সঙ্গে আলোচনা করেই ব্যবস্থা নেব।’


