ফরিদপুরের ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এক খণ্ডকালীন সহকারী শিক্ষককে এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
বিদ্যালয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নজরুল ইসলামের নিজস্ব পরিচালিত একটি কোচিং সেন্টারে ওই ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে। গত ১৯ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর গত ২৯ অক্টোবর প্রতিবেদন জমা দেয় কমিটি। এর ভিত্তিতে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।
এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রোববার দুপুরে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয়ের ফটকের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে তা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে নয় বরং তার নিজস্ব পরিচালিত একটি কোচিং সেন্টারে। তারপরও যেহেতু একজন শিক্ষকের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে সেজন্য তাকে শাস্তিমূলকভাবে বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে।’
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


