ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
সোমবার সকালে বাহুবল উপজেলার মিরপুরে সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিস হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
পুলিশ জানায়, সংঘর্ষের সময় পিকআপে থাকা আনিস হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে ঘন্টাখানেক যানচলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ।


