রাজধানীতে সোর্স সন্দেহে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে সোর্স সন্দেহে যুবককে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় বিপ্লব (২৬) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ধারণা করছে, পুলিশের ‘সোর্স’ হিসেবে কাজ করার সন্দেহে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

রোববার দুপুর ১টার দিকে শহীদনগর বউবাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বিপ্লব স্থানীয় কেল্লার বাজারে মাছের ব্যবসা করতেন এবং এলাকায় ‘মাউছা বিপ্লব’ নামে পরিচিত ছিলেন। তিনি শহীদনগর ৬ নম্বর গলিতে খালার বাসায় থাকতেন।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সেলিম মিয়া জানান, খবর পেয়ে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব মাছ ব্যবসার পাশাপাশি পুলিশের সোর্স হিসেবেও কাজ করতেন। ঘটনার সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে এবং হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad