বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ৫ শতাংশ কর কমানোর সরকারি সিদ্ধান্তকে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে গবেষণাকেন্দ্রিক উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলে বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষা হাব হিসেবে প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছে সংস্থাটি।
রোববার রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।
তিনি বলেন, কর হ্রাসের ফলে সাশ্রয় হওয়া অর্থ শিক্ষক-শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন, চাহিদাভিত্তিক শিক্ষা এবং মানসম্মত গবেষণায় ব্যয় করা হলে উচ্চশিক্ষার মান আরও উন্নত হবে।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো মূলত পাঠদাননির্ভর। জাতীয় সমস্যা সমাধান এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায়ও নেতৃত্ব দিতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি সহায়তা পায় না—এমন ধারণা সঠিক নয় উল্লেখ করে তিনি জানান, গত অর্থবছরে উন্নয়ন বাজেটের আওতায় এসব বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ৫৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের সমস্যা সমাধানে কার্যকর গবেষণা প্রকল্পে ইউজিসির অর্থায়ন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বর্তমানে দেশে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষায় অধ্যয়ন করছে। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। ইউজিসি দুই ধরনের বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য করে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষা হাব হিসেবে গড়ে তুলতে জাতীয় গবেষণা রিপোজিটরি এবং সমন্বিত গবেষণা ইকোসিস্টেম তৈরির কাজ চলছে। এর মাধ্যমে গবেষণার অগ্রাধিকার নির্ধারণ, তথ্য সংরক্ষণ এবং একই ধরনের গবেষণার পুনরাবৃত্তি কমানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহ বাড়বে এবং দেশীয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতাও কমবে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকার উচ্চশিক্ষাকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা, শিল্প-শিক্ষা সহযোগিতা বৃদ্ধি, ইন্টার্নশিপ এবং উদ্যোক্তা তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, চলতি অর্থবছরে দেশের ৫৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির জন্য প্রায় ১২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ইউজিসির মাধ্যমে গবেষণার জন্য ২৩৮ কোটি টাকা এবং উন্নয়ন প্রকল্পসহ গবেষণা খাতে মোট ৮৫২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এপিইউবির সভাপতি মো. সবুর খান, সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদিন, ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি, উপাচার্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


