বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জেলা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ‘সাংহাই হাওরে’ (স্থানীয়ভাবে ‘শংকাই হাওর’ নামে পরিচিত) হয়ে গেল ভাটি অঞ্চলের ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এই নৌ প্রতিযোগিতা ঘিরে ছিল বিপুল সংখ্যক দর্শকদের উচ্ছ্বাস।
গ্রাম বাংলা প্রাচীন সংস্কৃতি এ বাইচে শনিবার অংশ নেয় মোট ১০টি নৌকা। প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকার করে ‘স্বপ্নের তরি ১’, দ্বিতীয় হয় ‘স্বপ্নের তরি ২’, আর তৃতীয় স্থান দখল করে ‘নগর পবন’ নামের দল।

ব্রিটেন প্রবাসী উদ্যোক্তা আবুল হোসেন বিজয়ী দলের কাছে প্রথম পুরস্কার মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার রেফ্রিজারেটর ও তৃতীয় পুরস্কার টেলিভিশন তুলে দেন।
এই বাইচ দেখতে সমবেত হন সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাসহ প্রায় ৫০ হাজার দর্শক। হাওরের পানিতে বৈঠার প্রতি ছন্দে আর তালে মিশেছিল প্রত্যাশা ও গর্বের মেলবন্ধন।

এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়—এটি ছিল একপ্রকার সাংস্কৃতিক মিলনমেলা। আয়োজকরা জানান, ঐতিহ্য ধরে রাখতে তারা আগামী বছর আরও বড় পরিসরে নৌকা বাইচ আয়োজনের পরিকল্পনা করছেন।


