চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার মাঝে দেশজুড়ে বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে তৈরি হওয়া উদ্বেগ ও প্রশ্নের প্রেক্ষিতে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া ও পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে উপস্থিত হতে না পারার বিষয়টি বিবেচনা করে শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
স্থানীয় বাস্তব পরিস্থিতি ও উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষা কেন্দ্রই পরীক্ষা পরিচালনার জন্য সম্পূর্ণ উপযোগী রয়েছে।
স্থানীয় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে সেখানে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ বিদ্যমান বলে প্রতিবেদন পাওয়া গেছে। সেই অনুযায়ী নির্ধারিত সময়সূচি মতেই অন্য সব বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আন্তশিক্ষা বোর্ড আরও জানিয়েছে, হঠাৎ পরীক্ষা বারবার স্থগিত করা হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হওয়া, ফলাফল প্রকাশে বিলম্ব, বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম পিছিয়ে যাওয়া এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তা ছাড়া, অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থাপনায় একটি বোর্ডের সমস্যার জন্য সকল বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয়।
তবে কমিটি আশ্বস্ত করেছে, কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বিরূপ আবহাওয়ার কথা বিবেচনা করে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সকল সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


