জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরলে বিচারবর্হিভূত কিছু হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের তিন মাস উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
জাহেদ বলেন, ‘শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেননি। একটু মন দিয়ে খেয়াল করব আমরা। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে। এমনকি শত্রুর প্রতি ইনসাফ থাকবে। শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে।’
তিন বলেন, ‘শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন, তাহলে তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু করব না।’
২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণহানির এক মামলায় শেখ হাসিনার ফাঁসির আদেশ এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। তবে অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়ার দাবি জানালেও দেশটি সাড়া দেয়নি। এর মধ্যে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ প্রধান বলেছেন, তিনি শিগগির দেশে ফিরবেন।
জাহেদ উর রহমান বলেন, ‘উনার বিচার হয়েছে উনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে। তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানব। আর যদি না হয়, সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ। কারণ, মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ।’
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আগের মতো করে থাকছে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘এখনো এক অর্থে র্যাব আগের মতো করে থাকছে না। কেন বলছি? কারণ গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন যে, র্যাবের জন্য একটা নতুন আইন হবে।’


