শিল্পীদের এ বিড়ম্বনা নতুন নয়। অধিকাংশ শিল্পী সোশ্যাল মিডিয়ায় ফেইক আইডির বিড়ম্বনায় পড়েছেন। এবার সে তালিকায় যুক্ত হলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী আফসানা মিমি।
জানা গেছে, গেল দুই সপ্তাহ ধরে কেউ একজন তার নামে ফেইক আইডি খুলে সবাইকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাচ্ছে। ম্যাসেজ দিচ্ছে। সম্প্রতি বিষয়টি তার নজরে এনেছেন বন্ধু-শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা।
আফসানা মিমি বলেন, ‘এটা ভুয়া। আমি কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি না। কে বা কারা এসব করছে, তা আমি জানি না।’ বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, মিমির নামে চালু হওয়া আইডিটি সম্পূর্ণ মিথ্যা এবং কেউ না কেউ এটি ব্যবহার করে ভুয়া পরিচয় তৈরি করছে।
জনপ্রিয় এ শিল্পী বর্তমানে অভিনয়ে অনিয়মিত। সবশেষ তাকে দেখা গেছে ‘উৎসব’ সিনেমায়। তবে নিয়মিতই নাটক পরিচালনা করছেন।


