প্রতি বছরই বাংলাদেশ থেকে অস্কারে লড়াইয়ের জন্য একটি ছবি পাঠানো হয়। এবার সে যুদ্ধের জন্য নির্বাচিত হয়েছে ‘বাড়ির নাম শাহানা’। শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধায়নে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’ এক সংবাদ সম্মেলনে ছবিটির নাম ঘোষণা করে। লীসা গাজী পরিচালিত ছবিটি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম একাডেমি এ্যাওয়ার্ডস (অস্কার) এর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগ (বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে পরিচিত) প্রতিযোগিতায় অংশ নিবে।
রাজধানীর হোটেল প্যান পাসিফিক সোনারগাঁওয়ে সকাল ১০টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অস্কার কমিটির সভাপতি জহিরুল ইসলাম জুরী বোর্ডের সিদ্ধান্ত জানান। অনুষ্ঠানে অস্কার কমিটির সদস্যবৃন্দ, আবেদনকৃত চলচ্চিত্রের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশি চলচ্চিত্র জমা দেওয়ার আনুষ্ঠানিক আহ্বানে নির্ধারিত সময়ের মধ্যে ৫টি সিনেমা জমা পড়েছিলো। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর অফিস থেকে আগ্রহী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের ফরম সংগ্রহ ও জমাদানের মাধ্যমে এ সিনেমাগুলো জমা পড়ে। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ। জমা পড়া সিনেমা পাঁচটি হল— ‘সাবা’ (পরিচালক: মাকসুদ হোসাইন; প্রযোজক: ভেরাইটি পিকচারস), ‘বাড়ির নাম শাহানা’ (পরিচালক: লীসা গাজী; প্রযোজক: কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স), ‘নকশিকাঁথার জমিন’ (পরিচালক: আকরাম খান; প্রযোজক: নিমগ্ন ফিল্মস), ‘প্রিয় মালতী’ (পরিচালক: শঙ্খ দাশগুপ্ত; প্রযোজক: ফিল্মি ফিচার) ও ‘ময়না’ (পরিচালক: মনজুরুল ইসলাম মেঘ; প্রযোজক: অপরাজিতা এন্টারটেইনমেন্ট)।
একাডেমি কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী, বিএফএফএসের তত্ত্বাবধানে ড. মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ গঠিত হয় এবং বাংলাদেশ থেকে এন্ট্রি নির্বাচন ও প্রেরণ করার দায়িত্ব পায়। কমিটির সদস্য হিসেবে ছিলেন সাজ্জাদ শরীফ (চলচ্চিত্র সমালোচক), রাশেদ জামান (চলচ্চিত্রগ্রাহক), শাহরিন আক্তার সুমি (চলচ্চিত্র প্রযোজক), শাহীন দিল-রিয়াজ (চলচ্চিত্র পরিচালক), এস এম ইমরান হোসেন (চলচ্চিত্র শিক্ষক)। গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর জমা পড়া চলচ্চিত্রগুলোর স্ক্রিনিং এ অস্কার কমিটির সদস্যবৃন্দ যাচাই-বাছাই ও পর্যালোচনা করেন।


