এবার ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা অজয় দেবগনকে। জনপ্রিয় এই ক্রাইম শোয়ের মাধ্যমে প্রথমবারের মতো সঞ্চালনায় অভিষেক হচ্ছে তার।
ইনস্টাগ্রামে একটি টিজার প্রকাশ করে ‘ক্রাইম পেট্রোল’-এর সঙ্গে যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন অজয়। টিজারে তিনি সতর্ক করে বলেন, অপরাধী সব সময় অপরিচিত কেউ নাও হতে পারে; অনেক ক্ষেত্রে অপরাধী হতে পারে ভুক্তভোগীর পরিচিত কিংবা কাছের মানুষ।
নতুন পর্বগুলোতে দেশজুড়ে আলোচিত ও চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধের ঘটনা তুলে ধরা হবে । এই তারকা বলেন, দর্শকদের ভয় দেখানো নয়, বরং সচেতন করাই হবে এই আয়োজনের উদ্দেশ্য।
অজয় ইতোমধ্যে সিরিজটির ১৫টি পর্বের শুটিং করেছেন। দর্শক প্রতিক্রিয়া ও টিআরপি বিবেচনা করে পরবর্তী সময়ে তিনি সঞ্চালনার দায়িত্বে থাকবেন কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় ভিডিও প্রকাশ করে নতুন কাজের আভাস দিয়েছিলেন অজয়। সেখানে তিনি বলেন, কিছু বিষয় মানুষকে ভেতর থেকে নাড়া দেয় এবং সামনে থাকা একটি সত্য তাকে বিস্মিত করেছে। শিগগিরই সেটি দর্শকদের সামনে তুলে ধরবেন বলে জানান তিনি।
এদিকে অভিনেতা রাজেশ তাইলাংও নতুন মৌসুমে যুক্ত হয়েছেন বলে জানা গেছে। তিনি কয়েকটি পর্বের সঞ্চালনা করতে পারেন। তবে তার পর্বের সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।
আনুপ সোনির দীর্ঘদিনের সঞ্চালনার পর অজয় দেবগনের আগমন ‘ক্রাইম পেট্রোল’-এ নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানটির অন্যতম পরিচিত মুখ ছিলেন আনুপ। অন্যদিকে অজয়ের অভিনয় ক্যারিয়ারেও অপরাধ, তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরিত্রের উপস্থিতি রয়েছে। ‘গঙ্গাজল’ থেকে শুরু করে ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজি, বিভিন্ন সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে তাঁকে।


