বরগুনার আমতলীতে মাদক, কিশোর গ্যাং ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক।
শুক্রবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত আমতলী পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
থানা সূত্রে জানায়, পৌর শহরের বটতলা, গরুর বাজার ও লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তাদের মধ্যে চারজনের বয়স ১৮ বছরের নিচে। বাকি সাতজনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
আটক ব্যক্তিদের থানা হেফাজতে রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আমতলীকে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে কাজ করছে পুলিশ। আগামী দুই মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাতের ওই অভিযান চালানো হয়য়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ১৯ অক্টোবর পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বরগুনার প্রতিটি উপজেলাকে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে পুলিশ সুপারকে কঠোর নির্দেশনা দেন। এরপর থেকেই জেলাজুড়ে অপরাধবিরোধী বিশেষ অভিযান শুরু করে পুলিশ।


