রাজধানী ঢাকার খিলগাঁও ফ্লাইওভারের উপরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাসুম বিল্লাহ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি লালবাগ শাহি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। বাবার নাম আব্দুল মান্নান।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মধ্যরাতে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. বকুল জানান, মাসুম বিল্লাহ থাকতেন লালবাগে। তিনি লালবাগ শাহি মসজিদের মুয়াজ্জিন। কোনো কাজে মঙ্গলবার খিলগাঁও বা আশপাশের কোনো এলাকায় গিয়েছিলেন। রাতে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন মাসুম।
তখন পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা খবর পান এবং হাসপাতালে গিয়ে মাসুমের মরদেহ দেখতে পান।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রনজিত জানান, সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।


