আমাদের চারপাশে থাকা সুবিধাবঞ্চিত শিশুরা দেশের সম্পদ হতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, ‘সুবিধাবঞ্চিত ও স্বজনহারা শিশুদের সঠিক সুযোগ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে তারা সমাজের বোঝা নয়, বরং ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হবে।’
সোমবার চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘উপলব্ধি ফাউন্ডেশন’ পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ প্রতিষ্ঠান পরিদর্শনকালে জেলা প্রশাসক ফাউন্ডেশনে আশ্রয়প্রাপ্ত হারিয়ে যাওয়া, স্বজনহীন ও ঠিকানাবিহীন সুবিধাবঞ্চিত মেয়েশিশুদের খোঁজখবর নেন এবং তাদের শিক্ষা, বসবাস ও সার্বিক কল্যাণ বিষয়ে অবগত হন।
এ ছাড়া জেলা প্রশাসক শিশুদের জন্য এক বেলা খাবারের খরচ এবং বই কেনার জন্য আর্থিক সহায়তা দেন। শীতের তীব্রতা বিবেচনায় আশ্রয়প্রাপ্ত শিশুদের মাঝে ৮৫টি কম্বলও বিতরণ করা হয়। এর সঙ্গে খাতা, কলম, রঙ পেন্সিল, ক্যালকুলেটরসহ বিভিন্ন শিক্ষা উপকরণ এবং খেলাধুলার সামগ্রী শিশুদের হাতে তুলে দেন তিনি।
এ সময় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবে ‘উপলব্ধি ফাউন্ডেশনকে’ সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
উপলব্ধি ফাউন্ডেশনে বর্তমানে প্রায় ৭৫ জন মেয়েশিশু বসবাস করছে। আশ্রয়প্রাপ্ত শিশুরা বর্তমানে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করছে বলে জানান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।


