শাকিব খানের আগামী ঈদের সিনেমা ‘প্রিন্স’। ইতোমধ্যে পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, এ সিনেমায় থাকবেন দুই নায়িকা। এর মধ্যে তানজিন তিশার নাম ঘোষণা করা হয়েছে গেল সপ্তাহে। এবার জানা গেল, আরেক নায়িকা হিসেবে থাকছেন কলকাতার জ্যোতির্ময়ী কুন্ডু।
প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ডের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, জ্যোতির্ময়ী কুন্ডু ইতোমধ্যে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে একই চরিত্রের জন্য কলকাতার আরেক অভিনেত্রী ইধিকা পালের নাম শোনা গেছিল।
শিরিন সুলতানার প্রযোজনায় নির্মিতব্য এই অ্যাকশনধর্মী ছবিটির শুটিং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে।
জ্যোতির্ময়ী কুন্ডু কলকাতার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘বধূয়া’ দিয়ে অভিনয়ে পা রাখেন। তিনি কলকাতার জনপ্রিয় নায়ক দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’-তে অভিনয় করেছেন। এটি ডিসেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে।


