জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় এখনো অন্তত ২৭ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। বুধবার জিম্বাবুয়ের সরকারের বরাতে রাজধানী হারারে থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
জিম্বাবুয়ের সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার উত্তরাঞ্চলীয় শহর কারিবা থেকে কয়েকটি দ্বীপ ও মাছ ধরার ক্যাম্পের উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরিটি প্রবল ঢেউয়ের তোড়ে উল্টে যায়। ৯০ জন ধারণক্ষমতার ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন ক্রু সদস্য এবং কয়েকজন শিশু ছিল।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযান পরিচালনা করে ৭৭ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়, যা প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় দুটি ফিউনারেল পার্লারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিপিইউ আরও জানায়, এখনো নিখোঁজ থাকা ২৭ জনের সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে। তাদের দ্রুত উদ্ধারে সহায়তার জন্য একটি বিশেষায়িত জলযান উদ্ধারকারী ইউনিটকে বিমানযোগে দুর্ঘটনাস্থলে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, জিম্বাবুয়ে ও জাম্বিয়া সীমান্তে অবস্থিত কারিবা হ্রদটি জলধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ। রাজধানী হারারে থেকে তিনশত কিলোমিটারেরও বেশি উত্তর-পূর্বে এই হ্রদের অবস্থান।


