বিএনপি সরকার আর সংস্কার বাস্তবায়ন করতে চায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, ‘গণভোট হওয়ার পর বিএনপি কোন বিষয়ে রাজি, কোন বিষয়ে নিমরাজি তা আর মুখ্য হতে পারে না। জনগণ রায় দিয়েছে। এখন তা না মানার জন্য অজুহাত খুঁজলে জনরায়কে প্রত্যাখান করা হয়।’
রোববার রাজধানী ঢাকায় আয়োজিত জ্বালানি, অর্থনীত, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে এসব কথা বলেন এনসিপির এই নেতা।
কাকরাইলের ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইন্সস্টিটিউটে এই কনভেনশনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি।
একই আয়োজনে নির্বাচনে দুই তৃতীয়াংশ ভোটে বিএনপির বিজয়কে মেটিকুলাস ডিজাইন বলে অবিহিত করেছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে। তা করতে না পারলে দেশ আবারো ফ্যাসিস্ট রেজিমের দিকে চলে যাবে।’
কনভেনশনের প্রথম সেশনে সমাজবিজ্ঞানী মির্জা হাসান বলেন, ‘সরকার দ্রুত গতিতে ব্যাড গভর্নেন্সের দিকে যাচ্ছে। শেখ হাসিনাও ভিড়মি খাচ্ছে এসব দেখে।’
‘প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী হয়ে উঠতে দেওয়া যাবে না। তার হাত-পা বেঁধে ফেলতে হবে। গণভোটের সিদ্ধান্ত ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই শুধু এটি করা সম্ভব’, যোগ করেন তিনি।


