প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষ তাদের দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে হারিয়ে যাওয়া ভোটের অধিকার এবং কথা বলার অধিকার পুনরায় প্রতিষ্ঠা করেছে।
সোমবার বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর পৈতৃক ভিটা বগুড়ায় এটিই তার প্রথম জনসভা।
জনসভায় প্রধানমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করে জাতীয়তাবাদী দল বিএনপিকে আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।
তিনি অভিযোগ করেন, বিগত দেড় দশকে উন্নয়নের নামে লুটপাট ও সাধারণ মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি জানান, সারা দেশে মায়েদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ প্রবর্তন করা হয়েছে।
এ ছাড়া সরকার গঠনের প্রথম ১০ দিনের মধ্যেই ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার ঐতিহাসিক পদক্ষেপ সম্পন্ন হয়েছে।
জুলাই সনদ ও সংবিধান সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর। তবে কিছু রাজনৈতিক দল এই সনদ এবং সংস্কার নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
তিনি প্রশ্ন তোলেন, যারা সারাক্ষণ সংবিধান নিয়ে কথা বলছেন, তারা মানুষের চিকিৎসা, প্রশাসনিক সংস্কার কিংবা আইনশৃঙ্খলা নিয়ে কেন কথা বলছেন না।
প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, তুচ্ছ ব্যক্তিগত বা পারিবারিক ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা জনগণকে সতর্ক থেকে মোকাবিলা করতে হবে।
দেশের অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, তরুণদের জন্য বিদেশে স্বল্প খরচে কর্মসংস্থানের ব্যবস্থা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিখ্যাত ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় দেশব্যাপী শুরু করা হবে।
আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে সরকারের। বগুড়ার স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের দ্রুত বাস্তবায়ন এবং স্থানীয় কৃষিপণ্য রপ্তানির সুবিধার্থে বগুড়া বিমানবন্দরকে কার্গো বিমান চলাচলের উপযোগী করার প্রতিশ্রুতি দেন।
জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দৃঢ়তার সঙ্গে জানান, বিএনপি সবসময় স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী এবং জনগণের উন্নয়নই এই সরকারের মূল লক্ষ্য।


