বিগত সরকারের সময় গুমের দুই মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
দুই মামলাতেই শেখ হাসিনার সঙ্গে আসামি হিসেবে আছেন তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক।
বার্তা সংস্থা বাসস জানায়, এদিন গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলার অভিযোগ আমলে নিয়ে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১।
গুমের একটি মামলায় শেখ হাসিনা ও তার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক পাঁচটি অভিযোগ আনা হয়।
অপর মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে আনা হয় আনুষ্ঠানিক আরো পাঁচটি অভিযোগ ।
বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে আসামিদের গ্রেপ্তার করে হাজির করতে আগামী ২২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আবেদনের শুনানি করা হয়েছে।
রামপুরায় ২৮ জনকে হত্যা : বিজিবিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
এদিকে, ২০২৪ সালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রার বরাবর প্রসিকিউশন পক্ষে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
মামলার অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময় রামপুরায় প্রাণ হারান মোট ২৮ জন। এই ঘটনায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি করতে দেখা যায়।
জুলাই গণঅভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকার, এর দলীয় ক্যাডার, সরকারের অনুগত প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। এসব মামলায় দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে।


