গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাটি ভর্তি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কাবিল হোসেন মন্ডল (৪০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাই হাতেম আলী।
সোমবার দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজিরকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাবিল হোসেন মন্ডল সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী এলাকার নজির হোসেন নজু মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, কাবিল হোসেন মন্ডল তার বড় ছেলের বিয়ের দাওয়াত দিতে ভাই হাতেম আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়স্বজনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তারা গাজিরকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি ভর্তি একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই কাবিল হোসেন মন্ডল মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় হাতেম আলীকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


