বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের আর ভবিষ্যত দেখেন না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ নিজেই নিজেদের ‘ডিসকোয়ালিফাইড’ করেছে।
শুক্রবার সকালে মাগুরা শহরের নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ভবিষ্যৎ দেখি না। এত এত মানুষ খুন করেছে, তারা কিন্তু এখনও বলেনি, আমাদের ভুল হয়েছে, আমাদের শান্তিপূর্ণ থাকা উচিৎ ছিল।’
ভুল না স্বীকার করলে কেউ তাদের গ্রহণ করবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এখন ১৭ মাস চলে গেছে। এখন নমিনেশন নেওয়ারও আর সেময় নেই। আওয়ামী লীগ নিজেই নিজেকে ডিসকোয়ালিফাইড করেছে।’
নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। তারপর আর রাজনীতিতে যুক্ত থাকার ইচ্ছে নেই বলে জানান প্রেস সচিব। তবে নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহল ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে বলে জানিয়েছেন তিনি। শফিকুল আলম বলেন, আমরা চাই আমাদের সমস্ত জনগোষ্ঠী হিন্দু-মুসলিম, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই যেন সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে।’
নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে জানিয়ে তিনি জানান, মাগুরা জেলার ৩০১টি ভোট কেন্দ্র জানুয়ারির মধ্যে সরাসরি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে । ইতিমধ্যে জেলায় ৮শ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এমনিভাবে দেশের প্রতিটি জেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়ে গেছে। বিপুল সংখ্যক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বিগত জুলাই আন্দোলনের আন্দোলনকারীদের ‘জঙ্গি হিসেবে তকমা’ দেওয়া হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের বাইরে থেকে তারা ভয়ংকর মিথ্যাচার প্রচার করছে। ৩০০০ পুলিশ সদস্যের হত্যার বিষয়টিকে আওয়ামী লীগের চরম মিথ্যাচার।


