নিরাপদ সড়কের দাবিতে আবারও ঢাকার ফার্মগেট সড়ক অবরোধ করেছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে তাদেরকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায়। এসময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভরতদের। এতে বন্ধ হয়ে যায় এই সড়কে যান চলাচল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) ইবনে মিজান জানান, দুপুর ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
মঙ্গলবার লড়ির চাপায় ফার্মগেট থেকে সাতরাস্তার দিকে যাওয়া সড়কে মাদ্রাসা শিক্ষার্থী সিফাত নিহত হন। তার পরই নিরাপদ সড়কের দাবি তোলে শিক্ষার্থীরা। বুধবারও এই সড়ক অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা।
সড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন দাবির মধ্যে রয়েছে, এই সড়কে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সেখানে যান চলাচল নিয়ন্ত্রিত রাখা। অটোরিকশার কারণে এ পথে চলতে সমস্যা হওয়ায়, এ যানটি নিয়ন্ত্রণে রাখার দাবি তাদের।
এছাড়া সড়কে স্পিড ব্রেকার, ল্যাম্প পোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপনের দাবিও রয়েছে শিক্ষার্থীদের।


