খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক রয়েছে।
স্থানীয়রা জানায়, গত সোমবার রাতে ভুক্তভোগী কিশোরী ভারতীয় সীমান্তবর্তী অযোধ্যা কালী মন্দিরে পূজা দেখতে যাওয়ার সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়।
পুলিশ জানায়, অভিযুক্তরা ওই কিশোরীর পূর্ব পরিচিত। ভুক্তভোগী তার এক আত্মীয়ের সঙ্গে পূজা দেখতে গেলে তারা চারজন তাকে ডেকে নিয়ে যায়। তারপর মন্দির থেকে ওই কিশোরীকে ফুসলে কিছুটা দূরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
ধর্ষণের ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার পুলিশের আশ্রয় নেয়।
এরপর বুধবার সন্ধ্যায় রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু ত্রিপুরা (১৯) নামে দুই অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। এদিনই তাদের আদালতে তোলা হয়। বৃহস্পতিবার সকালে আটক করা হয় তৃতীয় অভিযুক্ত রিমন ত্রিপুরাকে। তবে অন্য অভিযুক্ত সুমন ত্রিপুরা পলাতক রয়েছেন।
এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম জানান, অযোধ্যা এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর বোন চার জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পলাতক সুমন বিকাশ ত্রিপুরাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


