পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুমনা আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাবেক স্বামীর নাম অমিত হাসান (২৫)।
এর আগে এদিন রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সুমনা আক্তার পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকার ফারুক শিকদারের মেয়ে। অভিযুক্ত অমিত হাসান একই উপজেলার মধ্য রাস্তা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অমিত হাসানের ছুরিকাঘাতে তরুণী সুমনা আক্তার গুরুতর আহত হন। পরে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে সুমনা আক্তার মারা যান। বর্তমানে নিহতের মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে রাখা আছে জানায় পুলিশ।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন জানান, গুরুতর আহত অবস্থায় তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


