তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮
নিহত সেনাপ্রধান আল-হাদ্দাদ। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদসহ আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে হাইমানা জেলায় এ দুর্ঘটনা ঘটে।

আল-জাজিরার খবরে বলা হয়, আঙ্কারার একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই আল হাদ্দাদের ব্যক্তিগত বিমান বিকল হয়ে পড়ে।

এ দুর্ঘটনায় নিহত অন্য চার সামরিক কর্মকর্তা হলেন লিবিয়ার স্থলবাহিনীর প্রধান জেনারেল আল-ফিতুরি ঘারিবিল, সামরিক উৎপাদন কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল-কাতাওয়ি, সেনাপ্রধানের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাওয়ি দিয়াব এবং তার দপ্তরের সামরিক আলোকচিত্রী মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

দুর্ঘটনায় আরও প্রাণ হারান বিমানের তিন ক্রু।

তুরস্কের কর্মকর্তারা আল জাজিরাকে জানান, লিবিয়ান প্রতিনিধিদলটি দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে উচ্চপর্যায়ের প্রতিরক্ষা আলোচনার জন্য আঙ্কারায় অবস্থান করছিল।

আরও পড়ুন

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়রলিকায়া জানান, আঙ্কারার হাইমানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ড্যাসল্ট ফ্যালকন ৫০ মডেলের বিমানটি হাইমানার আকাশসীমায় থাকা অবস্থায় জরুরি অবতরণের অনুরোধ জানায়। এরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন দপ্তরের প্রধান বুরহানেত্তিন দুরান বলেন, বিমানটি বৈদ্যুতিক ত্রুটির কথা জানিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল। পরে সেটিকে এসেনবোয়া বিমানবন্দরের দিকে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হলেও জরুরি অবতরণের সময় বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

তুরস্কের বিচারমন্ত্রী ইয়িলমাজ তুনচ জানিয়েছেন, এ ঘটনায় আঙ্কারার প্রধান প্রসিকিউটরের কার্যালয় তদন্ত শুরু করেছে। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে তুরস্কের এক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ত্রুটিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে জাতিসংঘ-স্বীকৃত লিবিয়ার জাতীয় ঐক্য সরকার (জিএনইউ) জানায়, দুর্ঘটনার তদন্তে তুরস্কের কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করতে দেশটির একটি তদন্ত দল আঙ্কারায় পাঠানো হবে।

দুর্ঘটনায় সেনাপ্রধানের মৃত্যুতে দেশজুড়ে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে জিএনইউ। এ সময় সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সব ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠান ও উদযাপন স্থগিত থাকবে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad