রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় ২ সেনা কর্মকর্তাসহ ৪ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর পক্ষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার বুধবার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ মামলায় গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার পক্ষে আইনজীবী হামিদুল মিসবাহ ও পলাতক দুই পুলিশ কর্মকর্তার পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর শাইখ মাহদী। শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশের জন্য দিন পুনর্নির্ধারণ করে ট্রাইব্যুনাল।
রামপুরায় হত্যাকাণ্ডের মামলার চার আসামির মধ্যে গ্রেপ্তারকৃত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম, ঘটনার সময় বিজিবিতে ছিলেন। বাকি দুই আসামি, পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মো. মশিউর রহমান পলাতক।


