ঢাকার মোহাম্মদপুরের হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে হুমায়ুন রোডেরে জেনেভা ক্যাম্প সংলগ্ন মনার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, গ্যারেজ মালিক মো. মনা (৪০), বাদল (২৩), তারেক রহমান (২৩), ইফরান (১৮), আজাদ (৫৫), মিরাজ (৩৬), আকাশ (২৫) ও জনি (৩৫)।
গ্যারেজ মালিক মো. মনা জানান, দুপুরে একটি প্রাইভেট কার গ্যারেজে আনা হয় মেরামতের জন্য। গ্যারেজের ভিতর রেখে সেটির ইঞ্জিন ও গ্যাস লাইনের কাজ করা হচ্ছিল। এসময় ভেতরে বেশ কয়েকটি গাড়িতে সব কর্মচারীরা একসঙ্গে কাজ করছিল। তখন হঠাৎ একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গ্যারেজের ভিতরে থাকা সবাই দগ্ধ হন।
ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
মো. মনার দাবি, প্রাইভেটকারটির গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের শরীরের সর্বোচ্চ ২০ শতাংশ পুড়ে গেছে। দগ্ধদের মধ্যে ইফরান ও তারেককে ভর্তি রাখা হয়েছে। বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।


