কুষ্টিয়া সদর উপজেলায় নিজ বাড়ির বারান্দায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রাম থেকে মোশারফ হোসেন মুসা (৫৫) নামে ওই ভ্যানচালনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ পাঠানো হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে।
মোশারফ হোসেন ওই এলাকার মৃত আকবর মণ্ডলের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের মতো শনিবার রাতে মোশারফ হোসেন বসতঘরের বারান্দায় ঘুমাচ্ছিলেন। ভোরে পরিবারের সদস্যরা বাইরে বের হয়ে বুকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্নসহ রক্তাক্ত মরদেহ দেখতে পান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ভ্যান চুরি করতে এসে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
তবে পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের মেয়ে শিখা বলেন, ‘ভ্যান চুরির জন্য কেউ এভাবে আমার বাবাকে হত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।’
এসময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘নিহতের বুকে হাঁসুয়া জাতীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। শুধু ভ্যান চুরির জন্য এমন হত্যাকাণ্ড নাও হতে পারে। কারণ ভ্যানটি ঘটনাস্থলেই পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। খুব দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে।’


