মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে রাইয়্যান (৫) ও ইব্রাহিম (৫) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি মোল্লাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাইয়্যান ওই এলাকার মহিউদ্দিন মোল্লা ও ইব্রাহীম মহসিন মোল্লার ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
নিহতদের চাচা চাঁন মোল্লা জানান, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট উত্তরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়। পরে পুকুরটির পাশে পাকা ঘাট নির্মাণ করা হয়। এদিন সকালে দুই শিশু ওই পাকা ঘাটে খেলা করছিল।
চাঁন মোল্লা বলেন, ‘একপর্যায়ে পা পিছলে তারা পুকুরের পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।’ ঘটনার প্রায় এক ঘণ্টা পর খোঁজাখুঁজি করে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুন্সিগঞ্জ (সিরাজদিখান-শ্রীনগর) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পর্যবেক্ষণের জন্য পুলিশ পাঠানো হয়েছে।


