গ্যারেজের তালা ভেঙে প্রাইভেট কার চুরি, গ্রেপ্তার ১

গ্যারেজের তালা ভেঙে প্রাইভেট কার চুরি, গ্রেপ্তার ১
গ্রেপ্তার রাসেল মিয়া। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জ সদর উপজেলার একটি গ্যারেজের তালা ভেঙে চুরি হওয়া টয়োটা প্রিমিও প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রোববার ভোরে ঢাকার ধামরাইয়ের জয়পাড়া এলাকা থেকে রাসেল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই।

রোববার বেলা সাড়ে ৩টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী।

গ্রেপ্তার রাসেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

পিবিআই পুলিশ সুপার জানান, গত ২২ আগস্ট রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া বাজারের একটি গ্যারেজে নিজের টয়োটা প্রিমিও গাড়ি রেখে বাড়িতে যান গাড়ির মালিক মো. মহসীন মিয়া। পরদিন সকালে গ্যারেজে গিয়ে তিনি দেখতে পান, গ্যারেজের তালা ভাঙা এবং তার প্রাইভেট কারটি নেই।

আরও পড়ুন

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গাড়ি উদ্ধারে তদন্ত শুরু করে পিবিআই মানিকগঞ্জ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাড়িটির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

অভিযানে ঢাকার ধামরাইয়ের জয়পাড়া এলাকার শাকিনা বটতলা মন্দিরের কাছ থেকে চুরি হওয়া গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

জয়িতা শিল্পী আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল মিয়া গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad