পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজায় লাগা আগুন সাড়ে চার ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
সোমবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়েছে। সরু গলির কারণে আমাদের গাড়িগুলো ঢুকতে পারছে না। প্রচণ্ড ধোঁয়া ও পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।’
এ অবস্থায় ফায়ার সার্ভিসের ইউনিট আরও বাড়ানো হতে পারে বলে জানান তিনি।
এদিন বিকাল ৫টার দিকে আগুন লাগার তথ্য পাওয়ার কথা বলেছিলেন এই কর্মকর্তা।
তিনি বলেন, ‘মার্কেটের ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লেগেছে। আমরা ৫টা ৪ মিনিটে আগুনের খবর পেয়েছি, এরপর ৫টা ২২ মিনিটে গিয়ে আমাদের ইউনিট কাজ শুরু করেছে।’
প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছিল, পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে ১০টি করা হয়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।


