নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে বিধিনিষেধ

নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে বিধিনিষেধ
প্রধান উপদেষ্টার কার্যালয়। ফাইল ছবি
Advertisement
Advertisement

জাতীয় নির্বাচনের আগে ‘একান্ত অপরিহার্য কারণ’ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে বিধিনিষেধ জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগের পরিপত্র এবং অর্থ বিভাগের ৮ জুলাইয়ের অফিস আদেশ আমলে নিয়ে নতুন এ পরিপত্র জারি করা হয়।

বিদেশ ভ্রমণ সীমিতকরণসহ সরকারি কর্মকর্তাদের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন নির্দেশনার ওই পরিপত্রে গত ২১ অক্টোবর সই করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না।

এতে বলা হয়, ‘লক্ষ্য করা যাচ্ছে, আগে জারিকৃত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে একাধিক কর্মকর্তার বিদেশ ভ্রমণের ঘটনা ঘটছে। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাও একসঙ্গে বিদেশে যাচ্ছেন। এমনকি একসঙ্গে অনেকের বিদেশ ভ্রমণের প্রস্তাবও প্রায়ই প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে, যা সরকারের নির্দেশনার পরিপন্থি।’

এ পরিপ্রেক্ষিতে বিদেশ ভ্রমণ সংক্রান্ত আগের সব নির্দেশনা কঠোরভাবে পালন এবং আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করতে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অনুরোধ জানানো হয়।

এরইমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

ওই চিঠি আমলে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ‘সীমিত’ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মহাপরিচালকসহ সব মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিদেশ সফর সংক্রান্ত সরকারি এই সিদ্ধান্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad