মৎস্যসম্পদের মতোই জেলেদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি: উপদেষ্টা

মৎস্যসম্পদের মতোই জেলেদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি: উপদেষ্টা
সপ্তম সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পরিবেশ মূল্যায়নে শুধু ইকোলজিক্যাল বা বাস্তুবিদ্যার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তার মতে, একই সঙ্গে মৎস্যজীবীদের জীবন-জীবিকা, পরিচয় ও তাদের শ্রমের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিকেও মূল্যায়নের আওতায় আনতে হবে।

শনিবার সকালে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘সপ্তম সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট সম্মেলন-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

সম্মেলনটি ‘সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ ও ‘ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)’ যৌথভাবে আয়োজন করে।

উপদেষ্টা বলেন, জলজ জীববৈচিত্র্যে বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ। তাই প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জেলেদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন

তিনি জানান, দেশের প্রাণীজ প্রোটিনের বড় অংশ আসে মাছ, ডিম ও অন্যান্য প্রাণীজাত পণ্য থেকে। যা ক্ষুদ্র খামারিরা উৎপাদন করছেন এবং তাদের বেশিরভাগই নারী। কিন্তু তাদের এই অবদান নীতিনির্ধারণী পর্যায়ে এখনো যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

‘বাংলাদেশের এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সামুদ্রিক জলসীমা রয়েছে। জলজ জীববৈচিত্র্যে আমরা অত্যন্ত সমৃদ্ধ হলেও আমাদের সামুদ্রিক মৎস্যসম্পদ এখনো যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও সড়ক নির্মাণে পর্যাপ্ত কালভার্ট না থাকায় বহু স্থানে জলপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। যা মাছের বিচরণ ও প্রাকৃতিক উৎপাদন ব্যবস্থাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে’ বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং মেরিন প্রটেকটেড এরিয়া ঘোষণার মাধ্যমে মাছ সংরক্ষণের উদ্যোগও চলমান রয়েছে। তবে এসব উদ্যোগ অধিকতর সমন্বিত ও সুসংগঠিতভাবে বাস্তবায়ন করা জরুরি। তবে,  বাংলাদেশ প্রাকৃতিক ও সামুদ্রিক মাছের বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ হলেও দূষণ, বিশেষ করে প্লাস্টিক ও শিল্পবর্জ্যের কারণে মাছের জীবন ও খাদ্যনিরাপত্তা ক্রমেই হুমকির মুখে পড়ছে।

সম্মেলনে ইউল্যাব-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান স্বাগত বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলি, ইউল্যাব এর বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য সাইদা মাদিহা মুরশেদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  প্রফেসর শারমিন্দ নীলোরমী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর